মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এ সংক্রান্ত একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
ঢাকাস্থ মার্কিন দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, “বিশ্বসেরা বাণিজ্যিক উড়োজাহাজ থেকে আরও ১১টি কেনার চুক্তি করায় বোয়িং ও বিমানকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন! যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য এটি একটি অনন্য অর্জন, যার মাধ্যমে উভয় দেশই লাভবান হবে। নিউইয়র্কে আজকের এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান দেখার অপেক্ষায় রইলাম।”
এর আগে, গত ৩০ এপ্রিল বোয়িংয়ের সঙ্গে ৩.৭ বিলিয়ন মার্কিন ডলারের অপর একটি চুক্তি সম্পন্ন করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ওই চুক্তির আওতায় ছিল ৮টি ৭৮৭-১০ ড্রিমলাইনার, ২টি ৭৮৭-৯ এবং ৪টি ৭৩৭-৮ উড়োজাহাজ।
আজকের ১১টি উড়োজাহাজের চুক্তি প্রক্রিয়া সম্পন্ন হলে বোয়িংয়ের কাছ থেকে বিমানের পরিকল্পিত মোট উড়োজাহাজ সংগ্রহের সংখ্যা দাঁড়িয়ে ২৫টিতে পৌঁছাবে। তবে নতুন যুক্ত হতে যাওয়া ১১টি উড়োজাহাজের সুনির্দিষ্ট মডেল, বাজারমূল্য, অর্থায়ন কাঠামো ও সরবরাহের সময়সূচি সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
মন্তব্য করুন