দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছে। আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হবে।
রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকায় বিক্রি হবে। এতদিন প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকায় বিক্রি হয়ে আসছিল। অর্থাৎ এক দিনেই চার ধরনের জ্বালানির দামই ২০ টাকা করে বাড়ল।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে গত মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ও ফ্রেইট চার্জ অস্বাভাবিকভাবে বেড়েছে। বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বাড়লেও জনস্বার্থের কথা বিবেচনা করে এতদিন দেশে তা পুরোপুরি বাড়ানো হয়নি। এর ফলে গত মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ক্ষতি হয়েছে প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা।
তথ্য অনুযায়ী, বর্তমান আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী প্রতি লিটার ডিজেলেই বিপিসির লোকসান হচ্ছিল প্রায় ৮৯ টাকা, যা দৈনিক হিসেবে দাঁড়িয়েছিল প্রায় ১০৯ কোটি টাকায়। শুধু ডিজেল খাত থেকেই বছরে প্রায় ৪০ হাজার কোটি টাকা লোকসানের আশঙ্কা তৈরি হয়েছিল।
বিপিসি জানিয়েছে, লিটারপ্রতি ২০ টাকা দাম বাড়ায় সংস্থাটির বার্ষিক লোকসান অন্তত ১০ হাজার কোটি টাকা কমানো সম্ভব হবে।
মন্তব্য করুন