জাতীয় সংসদ নির্বাচনের জন্য নৌকা প্রতীক স্থগিত রেখে মোট ১২০টি প্রতীক চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৬ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, নির্বাচন পরিচালনা বিধিমালার ৯ নম্বর বিধির ১ নম্বর উপ-বিধি সংশোধন করে একটি করণীক ভুল সংশোধন করা হয়েছে। সংশোধিত নিয়ম অনুযায়ী, তালিকায় থাকা ১২০টি প্রতীকের মধ্যে নিবন্ধিত ৬০টি রাজনৈতিক দলের জন্য ৬০টি প্রতীক সংরক্ষিত রাখা হয়েছে। বাকি প্রতীকগুলো নিয়ম অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দ থাকবে।
ইসি সূত্রে জানা গেছে, এর আগের বিধানে বলা হয়েছিল—স্থগিতকৃত প্রতীক ‘নৌকা’ এবং ‘না’ প্রতীক ব্যতিত অন্যান্য প্রতীকগুলো প্রাপ্যতা সাপেক্ষে বরাদ্দ দেওয়া যাবে। অর্থাৎ, ‘না’ প্রতীকও কাউকে বরাদ্দ না দেওয়ার কথা বলা হয়েছিল, যা মূলত একটি ভুল ছিল। নতুন সংশোধনে সেই ‘না’ অংশটি বাদ দিয়ে করণীক ভুলটি শোধরে নেওয়া হয়েছে।
মন্তব্য করুন