বগুড়ার চক সূত্রাপুরে ময়ূরী বেকারি কারখানায় অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসব কারণে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বগুড়া মহানগরের ৪ নম্বর ওয়ার্ডের চক সূত্রাপুর এলাকায় কারখানাটিতে অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন অভিযানে নেতৃত্ব দেন।
অভিযান সংশ্লিষ্টদের তথ্যমতে, কারখানাটিতে খাবার তৈরির পরিবেশ ছিল অপরিচ্ছন্ন। খাদ্য উৎপাদনে এমন কিছু রাসায়নিক ফ্লেভার ব্যবহার করা হচ্ছিল, যার গুণগত মান যাচাইয়ের প্রয়োজনীয় সনদ ছিল না। একই সঙ্গে হালনাগাদ বিএসটিআই মানসনদ ছাড়াই বেকারি পণ্য প্রস্তুতের বিষয়টিও পাওয়া যায়।
কারখানার কর্মীদের খাদ্য প্রস্তুতের সময় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নজরে আসে। এ ছাড়া খাবার তৈরিতে স্টেইনলেস স্টিলের পরিবর্তে কাঠের টেবিল ব্যবহার করা হচ্ছিল। টেবিলটিও পর্যাপ্ত পরিষ্কার-পরিচ্ছন্ন ছিল না।
অভিযানের সময় এসব অনিয়মের বিষয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দায় স্বীকার করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৪ ধারার আওতায় ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার টাকা ঘটনাস্থলেই আদায় করা হয়।
এদিকে, কারখানায় পাওয়া অনিয়মের বিষয়ে প্রতিষ্ঠানটির মালিকের কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয়।
অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও সাপোর্ট স্টাফরা উপস্থিত ছিলেন। নিরাপত্তার দায়িত্বে ছিল জেলা পুলিশের একটি দল।
অভিযান শেষে ময়ূরী বেকারি কর্তৃপক্ষকে প্রচলিত আইন ও বিধিবিধান মেনে খাদ্য উৎপাদন এবং ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।
মন্তব্য করুন