মুন্সীগঞ্জের গজারিয়ায় রিনা বেগম নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার স্বামী সুমন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে পারিবারিক বিরোধের জেরে ঘুমন্ত অবস্থায় স্ত্রী রিনা বেগমকে গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন সুমন সরকার।
হত্যাকাণ্ডের পর সুমন পাশের একটি মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করেন। পরে সেখান থেকে কুমিল্লার উদ্দেশে রওনা হন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার প্রায় ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করে।
রোববার দুপুরে জেলা পুলিশ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মেনহাজুল আলম এসব তথ্য জানান। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় নিহত রিনা বেগমের ভাই বাদী হয়ে গজারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই অভিযুক্তকে গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ।
পুলিশ সুপার জানান, হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক কলহ ছাড়াও অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও খতিয়ে দেখছে পুলিশ।
মন্তব্য করুন