জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে দূরপাল্লা এবং রাজধানীসহ মহানগর এলাকায় চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক নীতি-নির্ধারণী বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদিত হয়।
বৈঠক শেষে শ্রমিক নেতা ও সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস সাংবাদিকদের এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, পরিবহন মালিকদের পক্ষ থেকে প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে যাত্রী সাধারণের স্বার্থ বিবেচনা করে তা ৩ পয়সা কমিয়ে ১৭ পয়সায় নির্ধারণ করা হয়। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে পরিবহন ব্যয় সমন্বয় করা ছাড়া বিকল্প ছিল না উল্লেখ করে তিনি সর্বস্তরের জনগণকে পরিস্থিতি বিবেচনায় সহনশীল থাকার অনুরোধ জানান। সেই সঙ্গে তিনি সতর্ক করে দেন যে, নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত রোববার রাতে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রল—এই চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয় সরকার। ফলে ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা থেকে ১৫৫ টাকা, অকটেন ১৪৫ টাকা থেকে ১৬৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।
মন্তব্য করুন