জয়পুরহাটের আক্কেলপুরে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ৭২ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। পাচারের উদ্দেশ্যে মূর্তিটি মজুত করা হয়েছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে জয়পুরহাট ২০ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে আক্কেলপুর উপজেলার বিহারপুর গ্রামে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- আক্কেলপুর গ্রামের মৃত সিরাজ সরদারের ছেলে মো. হামিদুর রহমান (৬২), অনন্তপুর গ্রামের মাহাতাব হোসেনের ছেলে মো. জাকির হোসেন (৫০), জালালপুর গ্রামের সুচীন চন্দ্র মণ্ডলের ছেলে শ্রী মুকুল চন্দ্র মণ্ডল (৩৮) এবং বিহারপুর গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে মো. কামাল হোসেন (৬০)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়কের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল ও এসআরবির সদস্যরা যৌথভাবে বিহারপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালান। এ সময় মূর্তিসহ শ্রী মুকুল চন্দ্র মণ্ডল ও মো. কামাল হোসেনকে প্রথমে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্য মো. হামিদুর রহমান ও জাকির হোসেনকে আটক করা হয়। উদ্ধার করা ৭২ কেজি ৯০০ গ্রাম ওজনের মূর্তিটির আনুমানিক সিজার মূল্য ৭২ লাখ ৯০ হাজার টাকা।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের আন্তর্জাতিক কষ্টিপাথর পাচারকারী চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। মূর্তিটি ভারতে পাচারের উদ্দেশ্যে সেখানে মজুত করা হয়েছিল।
উদ্ধার করা মূর্তি ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আক্কেলপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
মন্তব্য করুন