জয়পুরহাটের কালাই উপজেলায় অভিযান চালিয়ে ৫০৫ পিস ইয়াবাসহ মো. সাগর হোসেন (২০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে কালাই পৌর শহরের পুলিশ প্লাজা সুপার মার্কেটের সামনে অবস্থিত ‘আবির বাইক কর্নার’ এর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাগর হোসেন কালাই উপজেলার থুপসারা গ্রামের মো. শাহারুল ইসলামের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টা ৫৫ মিনিটের দিকে ডিবি পুলিশের একটি টিম কালাই থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ প্লাজা সুপার মার্কেটের সামনে থেকে সাগর হোসেনকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে হেফাজত থেকে ৫০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন