রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীবাহী একটি ট্রেনের বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির একটি বগি ভস্মীভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনে এই দুর্ঘটনা ঘটে। রাত ১০টা ১৫ মিনিটে ট্রেনটির মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করেই একটি বগিতে আগুন জ্বলে ওঠে। এতে মুহূর্তের মধ্যে স্টেশনে থাকা মানুষ ও যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের কারণ নাশকতা নাকি কারিগরি ত্রুটি, সে বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ এখনো কিছু নিশ্চিত করতে পারেনি। তবে দুর্ঘটনার সময় বগিটিতে কোনো যাত্রী ছিলেন না।
উল্লেখ্য, আগের দিন শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতেও একই প্ল্যাটফর্মে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে পুলিশ জানায়।
মন্তব্য করুন