রাজধানীর মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি ময়লার গাড়ির চাপায় দুলালী (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহাখালীর কড়াইল বস্তির বেলতলা এলাকায় টিঅ্যান্ডটি মাঠের পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, সন্ধ্যায় মহাখালীর কড়াইল এলাকার ময়লার ভাগাড়ের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় ডিএনসিসির একটি ময়লার গাড়ি দুলালীকে সজোরে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত দুলালীর গ্রামের বাড়ি ময়মনসিংহের শেরপুর জেলায়। তিনি মহাখালীর টিঅ্যান্ডটি মাঠের পাশে ভাড়া বাসায় বসবাস করতেন। তাঁর স্বামী বাদশা পেশায় একজন ভ্যানচালক।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।
মন্তব্য করুন