ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে সারাদেশের মতো বগুড়াতেও শুরু হয়েছে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬। তিন মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হয়।
এ সময় বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিএনসিসি ও স্কাউটের সদস্যরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ, ময়লা-আবর্জনা পরিষ্কার এবং বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে জনসচেতনতা তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণও জরুরি। এজন্য বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের এলাকায় যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নিয়মিত নজর রাখতে হবে।
বিশেষ করে পরিত্যক্ত পাত্র, ড্রাম, টব, নির্মাণসামগ্রীসহ যেসব স্থানে বৃষ্টির পানি জমে এডিস মশার বংশবিস্তার হতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করার আহ্বান জানানো হয়।
এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়াতে বিএনসিসি, স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রমে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে বগুড়ায় এর আগেও মশাবাহিত রোগ প্রতিরোধে বিভিন্ন পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে নগরবাসীকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন