তরুণদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে দেশের সব জেলা পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। দুই মাসব্যাপী এ কর্মসূচিতে অংশ নিতে কোনো প্রশিক্ষণ ফি লাগবে না। প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীদের দৈনিক ২০০ টাকা করে যাতায়াত ও খাবার বাবদ ভাতা দেওয়ার কথাও জানানো হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে প্রশিক্ষণসংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে।
কারা আবেদন করতে পারবেন, ১৮ থেকে ৩৫ বছর বয়সী দেশের যেকোনো জেলার যুবক-যুবতীরা এ কর্মসূচিতে আবেদন করার সুযোগ পাবেন। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি বা সমমান হতে হবে। সেই সঙ্গে কম্পিউটার এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে প্রাথমিক ধারণা থাকা প্রয়োজন।
ইংরেজিতে দক্ষতা এবং কম্পিউটার-আইসিটি বিষয়ে ভালো ভিত্তি রয়েছে এমন আবেদনকারীদের নির্বাচনের সময় বাড়তি গুরুত্ব দেওয়া হবে।
আবেদনের শেষ সময় ২৩ সেপ্টেম্বর,আগামী ১ অক্টোবর থেকে প্রশিক্ষণ শুরু হওয়ার কথা রয়েছে। কার্যক্রম চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এতে অংশ নিতে ইচ্ছুকদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ২৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট।
পরীক্ষা ও ফল প্রকাশের সময়সূচি, প্রশিক্ষণার্থী নির্বাচনের জন্য ২৬ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরদিন ২৭ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হবে ২৯ সেপ্টেম্বর।
দেশের আটটি বিভাগকে চারটি প্যাকেজের আওতায় এনে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। পরীক্ষার কেন্দ্র এবং সময়সূচি সংশ্লিষ্ট প্রার্থীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
মন্তব্য করুন