ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্র করনের কাছে ‘এম/ভি জুন অ্যাস্টার’ নামে একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে এবং এখনও নিখোঁজ রয়েছেন ৮৭ জন।
ফিলিপাইন কোস্ট গার্ড সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় উপকূল থেকে প্রায় ২.২ কিলোমিটার দূরে অবস্থানকালে ফেরিটিতে হঠাৎ আগুন ধরে যায়। ম্যানিলা থেকে করনের উদ্দেশে ছেড়ে আসা ওই নৌযানটিতে ১১৭ জন যাত্রী এবং ১৭ জন ক্রুসহ মোট ১৩৪ জন আরোহী ছিলেন।
দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ৪২ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়, যার মধ্যে ৩৮ জন যাত্রী ও ৪ জন ক্রু সদস্য রয়েছেন। এদের মধ্যে পাঁচজনের লাশ উদ্ধার করা হলেও বাকি ৮৭ জন আরোহীর এখনও কোনো সন্ধান মেলেনি।
কোস্ট গার্ডের ক্যাপ্টেন নোয়েমি কায়াবিয়াব জানান, জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের শারীরিক ও মানসিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তারা কেউ কথা বলার মতো অবস্থায় নেই। ফলে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা দুর্ঘটনার মুহূর্তে আরোহীদের অবস্থান কোথায় ছিল তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
বর্তমানে সমুদ্রের বিস্তৃত এলাকায় নিখোঁজদের সন্ধানে জোর উদ্ধার অভিযান চালানো হচ্ছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ উদ্ঘাটনে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, নিখোঁজদের দ্রুত উদ্ধার ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
মন্তব্য করুন