নিজস্ব প্রতিবেদক : বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়ে রাতের আঁধারে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠসংলগ্ন কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তিন যুবক কার্যালয়ে তেল বা পেট্রোলজাতীয় কোনো পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দিচ্ছেন। আরেকজন মুঠোফোনে পুরো দৃশ্যটি ধারণ করছেন। রাতের অন্ধকারের কারণে ভিডিওতে তাঁদের মুখমণ্ডল স্পষ্টভাবে বোঝা যায়নি। তবে ভিডিওটির সত্যতা ও ঘটনার বিস্তারিত বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বগুড়া জেলা এনসিপির সদস্য সচিব সুলতান মাহমুদ বলেন, বুধবার দিবাগত রাত ১টা থেকে দেড়টার দিকে দুর্বৃত্তরা রাতের অন্ধকারে এ ঘটনা ঘটিয়েছে। সকালে কার্যালয়ে এসে বিষয়টি দেখতে পেয়ে প্রশাসনকে জানানো হয়েছে। পুলিশ বিষয়টি দেখছে। পাশাপাশি কেন্দ্রীয় কমিটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সুলতান মাহমুদ আরও অভিযোগ করেন, পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো সক্রিয় রয়েছে এবং তারাই এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে। অভ্যুত্থান থেকে গড়ে ওঠা দলটিকে বিভিন্নভাবে কোণঠাসা করার চেষ্টাও চলছে বলে দাবি করেন তিনি। তবে এ ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কারও নাম বলতে পারেননি তিনি।
এ বিষয়ে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, তাঁরা ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছেন। তবে এখন পর্যন্ত পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী কারণে কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মন্তব্য করুন