ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার স্বল্প নোয়াগাঁও ও হাবলীপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়। অন্ধকার রাতে টর্চলাইটের আলো জ্বালিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে স্বল্প নোয়াগাঁও স্কুল মাঠে ফুটবল খেলা দেখতে যান হাবলীপাড়া গ্রামের তরুণ লামিন। খেলা চলাকালে স্বল্প নোয়াগাঁও গ্রামের শুভর সাথে তার কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে শুভ লামিনকে মারধর করেন। এই খবর ছড়িয়ে পড়লে উভয় গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং পরবর্তীতে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। নতুন করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ও সতর্ক অবস্থানে রাখা হয়েছে। ঘটনার মূল কারণ অনুসন্ধানসহ জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে।
মন্তব্য করুন