বগুড়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে নিজেদের প্রথম অংশগ্রহণেই ট্রফি উঁচিয়ে ধরে ইতিহাস গড়ল বগুড়া সিটি কর্পোরেশন। বুধবার শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে এক টানটান উত্তেজনার ফাইনালে বগুড়া সদর উপজেলাকে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় সিটি কর্পোরেশন দল।
ম্যাচের নির্ধারিত সময়ের লড়াই ছিল সমানে সমানে। আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কোনো দলই। ফলে খেলার ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানেও প্রাথমিক পাঁচ শটে ৪-৪ সমতা বজায় থাকে। পরবর্তীতে ‘সডেন ডেথ’-এ সিটি কর্পোরেশন লক্ষ্যভেদ করলেও সদর উপজেলার চূড়ান্ত শটটি দক্ষতার সাথে রুখে দেন সিটি কর্পোরেশনের গোলরক্ষক আব্দুল হাকিম। দলকে অবিশ্বাস্য জয় উপহার দেওয়ার পাশাপাশি ম্যাচসেরা খেলোয়াড়ও নির্বাচিত হন এই গোলরক্ষক।
খেলা শেষে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে চ্যাম্পিয়ন বগুড়া সিটি কর্পোরেশন দলকে ট্রফিসহ ৩ লাখ টাকা এবং রানার্সআপ বগুড়া সদর উপজেলা দলকে দেড় লাখ টাকার প্রাইজমানি ও ট্রফি তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রেজাউল করিম বাদশা এমপি, সুরাইয়া জেরিন এমপি, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম, ক্রীড়া সংগঠক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব খাজা আবু হায়াত হিরুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে বগুড়ার ১৩টি উপজেলা ও সিটি কর্পোরেশনসহ মোট ১৪টি দল লড়াইয়ে নেমেছিল।
ফাইনাল ম্যাচটিকে কেন্দ্র করে মাঠের চারপাশে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। গ্যালারি ছাড়িয়ে পার্শ্ববর্তী ভবনের ছাদ, গাছের ডাল এমনকি ফ্লাডলাইট টাওয়ারে উঠেও হাজার হাজার ক্রীড়ামোদী মানুষকে দলগুলোর সমর্থনে উল্লাস করতে দেখা গেছে।
মন্তব্য করুন