আধুনিক প্রযুক্তির দক্ষ ব্যবহারে বগুড়ায় বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ৮০টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলোর প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। বুধবার বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মোবাইল ফোন ভুক্তভোগীদের হাতে তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হোসাইন মুহাম্মদ রায়হান।
জিডির (সাধারণ ডায়েরি) ভিত্তিতে জেলা পুলিশের ‘সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল’ সার্বিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন থানায় হারিয়ে ও চুরি যাওয়া এই ফোনগুলো উদ্ধার করতে সক্ষম হয়।
হারিয়ে যাওয়া প্রিয় ও গুরুত্বপূর্ণ ডিভাইসটি অক্ষত অবস্থায় ফেরত পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন মালিকরা। উদ্ধার কার্যক্রমে জেলা পুলিশের পেশাদারিত্ব ও সহযোগিতার জন্য তারা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
পুলিশ প্রশাসন জানায়, প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশিং ব্যবস্থার অংশ হিসেবে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। দক্ষ তথ্যপ্রযুক্তি ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে সাইবার সেলের উদ্ধার অভিযান ভবিষ্যতে আরও বেগবান ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
মন্তব্য করুন